মাদক সেবনের দায়ে কেন্দুয়ায় দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড
নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মোজাফরপুর ও কান্দিউড়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী। এ সময় পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রামের মৃত রোকন উদ্দিনের ছেলে তামিম (২৪) এবং কান্দিউড়া ইউনিয়নের পালড়া গ্রামের মহিউদ্দিন মল্লিকের ছেলে মোজাম্মেল হক মল্লিক (৩৪)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোজাফরপুর ইউনিয়নের ভূঁইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তামিমকে আটক করা হয়। পরে সন্ধ্যায় কান্দিউড়া ইউনিয়নের পালড়া গ্রামে অভিযান চালিয়ে মোজাম্মেল হক মল্লিককে আটক করা হয়।
অভিযান শেষে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় উভয়কে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত তামিমকে শনিবার বিকেলেই নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। আর মোজাম্মেল হক মল্লিককে রোববার সকালে কারাগারে পাঠানো হবে।
সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী বলেন, অভিযানের সময় দুই যুবককে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ আটক করা হয়। তারা অপরাধের কথা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিস্তার ঠেকাতে কেন্দুয়া উপজেলায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

























