আওয়ামী লীগকে ফেরানোর ‘চক্রান্ত’ করছে জামায়াত: রাশেদ খাঁন
আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে দাবি করে দলটিকে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে জামায়াতে ইসলামী এক ধরনের ষড়যন্ত্রে যুক্ত রয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি রয়েছে। জাতিসংঘের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, এমন একটি রাজনৈতিক দলের বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।
শেখ হাসিনা দেশে ফিরতে চেষ্টা করছেন দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় জামায়াতে ইসলামী সহযোগিতা করছে। তবে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন কোনোভাবেই সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানি সংকটকে কেন্দ্র করে জামায়াত ও ১১ দলীয় জোটের লংমার্চের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জ্বালানি সংকট বর্তমানে একটি জাতীয় সমস্যা। এ ধরনের সংকটকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আন্দোলন করলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে। তিনি রাজনৈতিক দলগুলোকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
তার ভাষ্য, রাষ্ট্রে অস্থিরতা তৈরি হলে এর সুযোগ নিতে পারে আওয়ামী লীগ। শেখ হাসিনা অপেক্ষা করছেন কখন দেশে অশান্ত পরিস্থিতি তৈরি হবে—এমন মন্তব্য করে তিনি জামায়াতকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
রাশেদ খাঁন আরও বলেন, জামায়াত যদি অতীতের মতো বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক আন্দোলনে জড়ানোর চেষ্টা করে, তাহলে জনগণই তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যে রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে তাকে হত্যার অভিযোগ রয়েছে, সেই দলকে বাংলাদেশে পুনরায় রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া উচিত নয়।
আবরার ফাহাদের আদর্শ ও চেতনা ধারণ করে আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় তারা মাঠে থাকবেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গেও বক্তব্য দেন রাশেদ খাঁন। তিনি বলেন, শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের ফেরত দেওয়ার বিষয়ে ভারত তাদের অবস্থান পরিষ্কার না করলে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না। তার দাবি, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ এখন আগের অবস্থান থেকে বেরিয়ে সম্মান ও মর্যাদার ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ে তুলতে চায়।
আবরার ফাহাদের চেতনা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি। তার নামে কুষ্টিয়ায় স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন স্থাপনা ও বিশ্ববিদ্যালয়ে হলের নামকরণের কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের মাটিতেই আবরার ফাহাদ হত্যার বিচার সম্পন্ন হবে।
কবর জিয়ারতের সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।























