পাটগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
রশিদুল ইসলাম (লালমনিরহাট) প্রতিনিধি
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ জুন) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিভিন্ন কৃষি উপকরণ হিসেবে উন্নতমানের বীজ ও সার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাটগ্রামের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম রবি, সাধারণ সম্পাদক হাফিজার রহমান, প্রেসক্লাব পাটগ্রামের সভাপতি ইফতেখার আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সবুজসহ কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকরা। উপজেলা কৃষি বিভাগ জানায়, ২০২৫-২৬ অর্থবছরে পাটগ্রাম উপজেলায় মোট ৫ হাজার ৩০০ জন কৃষক পাঁচ ধরনের কৃষি প্রণোদনা উপকরণ পাবেন।

আয়োজকরা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করা, আবাদি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং খরিপ-২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সময়মতো কৃষকদের হাতে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার পৌঁছে দেওয়া হলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
























