সার সংকট নেই, বিশৃঙ্খলা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রী
দেশে সারের কোনো ঘাটতি নেই; বরং গত বছরের তুলনায় বর্তমানে বেশি সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পর্যাপ্ত মজুত থাকার পরও বিভিন্ন এলাকায় সার নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সেটিকে তিনি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে বর্তমানে গত বছরের একই সময়ের তুলনায় বেশি পরিমাণ সার মজুত রয়েছে। কোথাও কোথাও সরকারি গুদামে সার সংরক্ষণের জায়গাও সংকুচিত হয়ে এসেছে। তাই সার নিয়ে সংকটের কোনো কারণ নেই।
তিনি বলেন, সরকার সম্প্রতি সার ব্যবস্থাপনা নিয়ে নতুন নীতিমালা করেছে। এই নীতিমালার কারণে যারা নিজেদের বঞ্চিত মনে করছেন, তাদের কেউ কেউ পরিস্থিতি জটিল করার চেষ্টা করছেন। তবে সময়ের সঙ্গে বিষয়টি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কৃষিমন্ত্রী আরও বলেন, পর্যাপ্ত সার মজুত থাকায় এ ধরনের কোনো পরিকল্পিত কর্মকাণ্ড নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। যারা সার নিয়ে অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এদিকে কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে বিমানবন্দরে অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। বিশেষ করে কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ ও কুল রুমের সক্ষমতা বাড়ানো হলে দ্রুত এবং মান বজায় রেখে কৃষিপণ্য বিদেশে পাঠানো সম্ভব হবে বলে জানান তিনি।

























