অপতথ্যের ভিড়ে প্রকৃত তথ্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান তথ্য সচিবের
অপতথ্য, গুজব ও ভুয়া তথ্যের বিস্তারের এই সময়ে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হয়ে সত্য অনুসন্ধানে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। তাই সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য তুলে ধরা এখন সময়ের দাবি।
রোববার (২৮ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবা ফারজানা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা আগের তুলনায় কমে গেছে। সংবাদকর্মীদের উচিত ঘটনার গভীরে গিয়ে প্রকৃত তথ্য উদঘাটন করা এবং ‘খবরের ভেতরের খবর’ জনগণের সামনে তুলে ধরা।
তিনি সাংবাদিকতাকে একটি মহান ও দায়িত্বশীল পেশা হিসেবে উল্লেখ করে বলেন, গণমাধ্যমকর্মীদের প্রতি সরকারের আরও সহায়ক ও আন্তরিক হওয়া প্রয়োজন। তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও তিনি সাংবাদিকদের সঙ্গে ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ আচরণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।
তথ্য সচিব বলেন, নতুন প্রজন্মের অনেকেই সাংবাদিকতা পেশায় যুক্ত হচ্ছেন, যা আশাব্যঞ্জক। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যতা যাচাই এবং নির্ভুল তথ্য প্রকাশের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করার আহ্বান জানান তিনি।
মাহবুবা ফারজানা বলেন, কোনো বিষয়ে সন্দেহ বা প্রশ্ন থাকলে সাংবাদিকরা যেন সরাসরি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সংবাদ সংগ্রহ বা প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হলে তাঁর সঙ্গে কিংবা সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























