“সাংবাদিকের কাজ তথ্য পৌঁছে দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী স্বপন”
নিজস্ব সংবাদ :
তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপনের মতে, সাংবাদিকতার মূল দায়িত্ব হলো নিরপেক্ষভাবে তথ্য ও সত্য জনগণের সামনে তুলে ধরা। কোনও রাজনৈতিক বা মতাদর্শিক পক্ষের কর্মী হিসেবে নয়, বরং পেশাগত দায়িত্ববোধ থেকেই সংবাদকর্মীদের কাজ করা উচিত বলে তিনি মন্তব্য করেছেন।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বেঙ্গল ডেলটা কনফারেন্সের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদপত্রের বর্তমান সংকট এবং সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয়।
‘দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের সরকারের কর্মকাণ্ড সমালোচনার সুযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, সরকারকে প্রশ্ন করার স্বাধীনতা না থাকলে প্রকৃত অর্থে স্বাধীন সাংবাদিকতা বিকশিত হতে পারে না।
তিনি আরও বলেন, সাংবাদিকতা ও সক্রিয় রাজনৈতিক ভূমিকা এক বিষয় নয়। একজন সাংবাদিকের দায়িত্ব হলো যাচাই করা তথ্য নিরপেক্ষভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া, কোনও পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করা নয়।
গণমাধ্যমের পরিধি সীমান্তে আটকে থাকতে পারে না উল্লেখ করে জহির উদ্দীন স্বপন বলেন, তথ্যপ্রবাহের এই যুগে সাংবাদিকতার কার্যক্রমের কোনও ভৌগোলিক সীমারেখা নেই; সত্য ও তথ্যের অনুসন্ধানই এ পেশার সবচেয়ে বড় শক্তি।