দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সামনে এনে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে বাংলাদেশিদের যাতায়াত সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়ে সরকারের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দুই রাজ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থল ও আকাশপথে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশ পাঠান। নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রতিবছর চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, পর্যটনসহ নানা বৈধ কারণে বিপুল সংখ্যক বাংলাদেশি ভারতে যান। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের কিছু বাংলা ভাষাভাষী উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশিদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় প্রবেশকারী বাংলাদেশি নাগরিকরা হয়রানি, নির্যাতন কিংবা সহিংসতার ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এছাড়া অতীতে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের অভিযোগের কথাও নোটিশে তুলে ধরা হয়েছে। এসব ঘটনার আলোকে নাগরিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলেও উল্লেখ করা হয়।
নোটিশে সংবিধানের ৩২ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে বলা হয়েছে, জীবন ও ব্যক্তিস্বাধীনতা রক্ষা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। তাই নিরাপত্তা ঝুঁকি বিদ্যমান থাকলে নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ অব্যাহত রাখা রাষ্ট্রের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ কারণে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সঙ্গে সংযুক্ত সব স্থলবন্দরে বাংলাদেশি নাগরিকদের ইমিগ্রেশন কার্যক্রম অবিলম্বে সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সন্তোষজনক কূটনৈতিক নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত ওই দুই রাজ্যে বিমানপথে যাতায়াতের ইমিগ্রেশন কার্যক্রমও স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নোটিশদাতাকে অবহিত করতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।