দ্বিতীয় শ্রেণির সামিনার বিশ্বজয়ের স্বপ্ন, এশিয়ার সেরা হয়ে উজ্জ্বল করল বাংলাদেশের নাম
মাত্র দ্বিতীয় শ্রেণিতে পড়েই আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে গাজীপুরের ক্ষুদে শিক্ষার্থী সামিনা নূর তাজ। হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডের এশিয়া পর্বে প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গর্ব বয়ে এনেছে সে। এখন তার লক্ষ্য ইতালিতে অনুষ্ঠিতব্য বিশ্বপর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।
গাজীপুরের ক্ষুদে শিক্ষার্থী সামিনা নূর তাজ বয়সে ছোট হলেও সাফল্যে ছাড়িয়ে গেছে অনেককে। দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত এই মেধাবী শিক্ষার্থী আন্তর্জাতিক ইংরেজি প্রতিযোগিতা হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডের এশিয়া পর্বে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে তার শিক্ষাপ্রতিষ্ঠান আফজাউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে সামিনার সাফল্য উদযাপন করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
বিদ্যালয় সূত্রে জানা যায়, জামালপুরের মেস্তা গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে সামিনা নূর তাজ ২০২৩ সালের ১ জুন আফজাউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রাক-প্রাথমিক শাখায় ভর্তি হয়। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ধারাবাহিকভাবে নিজের মেধার পরিচয় দিয়ে আসছে।
আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে অংশ নিতে তাকে কয়েকটি বাছাই পর্ব পেরোতে হয়েছে। প্রথমে ঢাকায় অনুষ্ঠিত নির্বাচনী রাউন্ডে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয় সে। পরে নারায়ণগঞ্জে আয়োজিত দ্বিতীয় ধাপের প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের চূড়ান্ত পর্বে অংশ নিয়ে প্রথম স্থান দখল করে নেয় সামিনা।
এশিয়া সেরা হওয়ার সুবাদে এবার তার সামনে বিশ্বমঞ্চে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য অলিম্পিয়াডের ‘ইউনিভার্সাল রাউন্ডে’ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেবে এই ক্ষুদে বাংলাদেশি।
বিদ্যালয়ের চেয়ারম্যান মো. জালিল উদ্দিন বলেন, সামিনা নূর তাজের এই অর্জন শুধু তাদের প্রতিষ্ঠানের নয়, গাজীপুর এবং পুরো বাংলাদেশের জন্যই গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বপর্যায়ের প্রতিযোগিতাতেও সামিনা একইভাবে দেশের মুখ উজ্জ্বল করবে।


























