সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, কোথায় কবে পরীক্ষা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) পরীক্ষার তারিখ জানা গেছে।
প্রকাশিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও এমআইএসটিতে চলতি বছরের ডিসেম্বরেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাজশাহী, জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুয়েটে পরীক্ষা হবে ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। প্রথম দিনে অনুষ্ঠিত হবে আইবিএ ইউনিটের পরীক্ষা। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে ৮ জানুয়ারি। প্রথম দিন ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
প্রাথমিক আবেদন গ্রহণ করা হবে ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
এবার পরীক্ষার্থীদের যাতায়াতের চাপ ও ভোগান্তি কমাতে দেশের সাতটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। শহরগুলো হলো—ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। সেদিন ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরবর্তী সময়ে ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি। প্রথম দিন ‘সি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
সূচি অনুযায়ী, ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি১’ উপ-ইউনিট, ৪ ফেব্রুয়ারি ‘বি২’ উপ-ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে। তবে অন্যান্য ইউনিটের পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও ব্যবহার করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করা যাবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।
খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ডিসেম্বর।
১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং পরদিন ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি, আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কুয়েট
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি।
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় এবার খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে একই সময়ে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমআইএসটি
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা হবে ১৮ ও ১৯ ডিসেম্বর।
১৮ ডিসেম্বর সকালে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
চূড়ান্ত সিদ্ধান্ত বিজ্ঞপ্তিতেই
ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদনসংক্রান্ত তথ্য প্রকাশিত হলেও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সর্বশেষ বিজ্ঞপ্তিকে চূড়ান্ত হিসেবে বিবেচনা করতে হবে। বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয় এখনো পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, তাদের ক্ষেত্রে পরবর্তী সময়ে কোনো পরিবর্তন এলে নতুন বিজ্ঞপ্তির তথ্যই কার্যকর হবে।
তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়মিতভাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি ও ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।


























