প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে তিন বই রাখার নির্দেশনা প্রত্যাহার
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর লাইব্রেরিতে নির্দিষ্ট তিনটি বই সংরক্ষণের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এ বিষয়ে জারি করা পূর্বের নির্দেশনা বাতিল করে নতুন আদেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশে জানানো হয়েছে, গত ৩ জুন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের একটি করে সেট সংরক্ষণের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা আর কার্যকর থাকবে না।
একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।
এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে উল্লিখিত তিনটি বই বাধ্যতামূলকভাবে সংরক্ষণের নির্দেশনা আর বহাল থাকছে না।


























