চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা নিচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার (১০ আগস্ট) তার এক সহযোগী জানিয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে দুই দিন রাখা হতে পারে।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি তুনকু নাশরুল আবাইদাহ এক বিবৃতিতে জানান, চিকিৎসাবিশেষজ্ঞদের একটি দল আনোয়ারের বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া পরিচালনা করছে। তবে কী ধরনের পরীক্ষা বা চিকিৎসা করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিবৃতিতে আনোয়ারের সুস্বাস্থ্য ও দ্রুত স্বাভাবিক দায়িত্বে ফেরার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
সোমবারই ৭৯ বছরে পা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। ২০২২ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন।
এর আগে কাঁধ ও পিঠের সমস্যায় ভুগেছেন আনোয়ার। ২০১৮ সালে কাঁধ ও পিঠে ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত বছরের নভেম্বরে পিঠের ব্যথার কারণে পাহাং রাজ্যে নির্ধারিত একটি সফরও বাতিল করেছিলেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আনোয়ারের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স


























