ইসরায়েলের বিরুদ্ধে ‘সামরিক জোট’ গঠনের আহ্বান পাকিস্তানের
মুসলিম দেশগুলোকে ইসরাইলের বিরুদ্ধে একটি ‘ঐক্যবদ্ধ সামরিক জোট’ গড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সেইসঙ্গে তিনি ইসরাইলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।
তুরস্ক ও সৌদি আরবের সাথে দেশের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।
খাজা আসিফ জানান, ইসরায়েলের বর্তমান আচরণ এবং ঐতিহাসিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ১৯৪৭ বা ১৯৪৮ সালের দিকে একটি অবৈধ রাষ্ট্রের জন্ম হয়েছিল, যা মূলত বেলফোর ঘোষণার ফসল।
তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে অন্তত এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে পুরো ইসলামী বিশ্বকে একসঙ্গে হয়ে এর মোকাবিলা করতে হবে।’
ফিলিস্তিনিদের অধিকার ও তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংকট চলতে থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ইসরায়েল রাষ্ট্রের ‘ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিরোধী চরিত্র’ কখনোই বদলাবে না, সেখানে যেই ক্ষমতায় আসুক না কেন। তারা সব সময় এক মুসলিম দেশকে অন্য মুসলিম দেশের বিরুদ্ধে উসকে দেওয়ার কাজ চালিয়ে যাবে।
সূত্র: মিডল ইস্ট আই


























