শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজে প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আরও কার্যকর পরিবেশ সৃষ্টি এবং শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে প্রতিষ্ঠানের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য মো. শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শফিউল আলম আজম খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম লজিন, কৃষক দলের সভাপতি মো. শাহ আলম, শিক্ষক প্রতিনিধি মো. আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার সাহা এবং সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান খানসহ শিক্ষক, অভিভাবক ও সুধীজন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি এবং স্থানীয় সচেতন মহলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, নিয়মিত পাঠদান, পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি মোহাম্মদ হাফিজুল ইসলাম খান বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য। শিক্ষার্থীদের আধুনিক, মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. আবুল হোসেন বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তিনি এডহক কমিটি ও শিক্ষকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গঠনমূলক মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।


























