ঋণের চাপে ধ্বংসস্তূপে দেশ, সতর্ক করলেন বিদ্যুৎমন্ত্রী টুকু
বাংলাদেশ বর্তমানে ‘ধ্বংসস্তূপের’ মধ্যে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার দাবি, আগের সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের কারণে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করাও কঠিন হয়ে পড়তে পারে। এজন্য সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পরিকল্পনাহীনভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করলে তার সুফল দীর্ঘস্থায়ী হয় না। বর্তমান সরকার এমন একটি বাজেট প্রণয়ন করেছে, যাতে সাধারণ মানুষের ওপর বাড়তি করের বোঝা না পড়ে। তবে বাজেটের লক্ষ্য বাস্তবায়নে জনগণ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এর আগে সিরাজগঞ্জ শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে পৌরসভার জন্য ড্রামট্রাকসহ ছয়টি গাড়ি হস্তান্তর করেন তিনি। এ সময় একটি ট্রাকে উঠে বসেন মন্ত্রী।
ট্রাকে ওঠার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে কেউ কেউ সমালোচনা করতে পারেন, তা তিনি জানেন। তবে লোক দেখানোর জন্য তিনি ট্রাকে ওঠেননি। ছোটবেলায় শহরের রাস্তা পরিষ্কারের দৃশ্য দেখে যে ভালো লাগা তৈরি হয়েছিল, সেই স্মৃতি থেকেই তিনি ট্রাকে উঠেছেন বলে জানান।
পৌরসভার যানবাহনগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, এসব সম্পদ জনগণের অর্থে পরিচালিত। তাই এগুলোর দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট সবার। তার ভাষায়, ‘সরকারের বাপ-মা জনগণ।’
এর আগে সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী।
























