অজ্ঞাত গাড়ির ধাক্কায় শ্রীনগরে কিশোর নিহত
শ্রীনগর(মুন্সিগঞ্জ)থেকেঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিলয় দাস (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিলয় দাস ষোলঘর এলাকার নির্মল দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পূজার জন্য এক্সপ্রেসওয়ের পাশে ফুল তুলতে যায় নিলয়। এ সময় অসতর্কভাবে সড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. সোহেল রানা বলেন, ফুল তোলার জন্য নিলয় এক্সপ্রেসওয়েতে গিয়েছিল। অসতর্কভাবে সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
























