রোববার থেকে শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু
শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম আগামীকাল রোববার থেকে শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (৩১ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারের জন্য পাঠানো বার্তায় বলা হয়েছে, রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে।
এর আগে, গত ২৮ অক্টোবর গাজীপুরে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী জানিয়েছিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে মালিকপক্ষের প্রতিনিধিদের তালিকা পাওয়া গেছে। শ্রমিকপক্ষের প্রতিনিধিদের তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে।
শিল্পাঞ্চলে চলমান শ্রম অসন্তোষের মধ্যে মন্ত্রীর এ ঘোষণা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ওই দিন তিনি কারখানার মালিকদের শ্রমিকদের বকেয়া মজুরি দ্রুত পরিশোধের আহ্বান জানান। পাশাপাশি বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ নিশ্চিত করার নির্দেশনা দেন।
শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন মন্ত্রী।

























