মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছরের শিশুকন্যাকে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছরের শিশুকন্যাকে হত্যা
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৃশংস হামলায় প্রাণ গেল বাবা ও ছয় বছরের শিশুকন্যার। নিহত শিশুর নাম তওবা। তাঁর বাবা গোলাপ হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। গোলাপ হোসেনের বাবা জয়নাল মিয়া ওই এলাকার একটি ইটভাটায় কাজ করেন। দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে গোলাপ হোসেন ও তাঁর মেয়ে তওবা হামলার শিকার হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে গোলাপ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একই ঘটনায় ছয় বছরের শিশু তওবাকে হত্যা করে তার মরদেহ ইটভাটার পাশের একটি পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত গোলাপ হোসেনকে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু তওবার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।






















