মুন্সিগঞ্জ শ্রীনগরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, দুই ক্লিনিককে জরিমানা
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা প্রশাসন। অভিযানে লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। পাশাপাশি লাইসেন্স নবায়ন না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং দায়িত্বে অবহেলার অভিযোগে দুটি ক্লিনিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগমের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।
অভিযান সূত্রে জানা যায়, রাঢ়ীখাল ইউনিয়নের তিনদোকান এলাকায় অবস্থিত কেয়ার এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া বালাশুর এলাকার মোল্লা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং আল-শিফা হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন,স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানগুলোর বৈধ লাইসেন্স, প্রয়োজনীয় চিকিৎসক ও সেবার মান যাচাই করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি, শ্রীনগর থানার পুলিশ সদস্য এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























