বঙ্গভবনে দাপ্তরিক কাজ, স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরও সরকারি বাসভবন পরিবর্তন করছেন না ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির দাপ্তরিক দায়িত্ব পালন করবেন বঙ্গভবনে, তবে বসবাস অব্যাহত থাকবে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবনেই।
শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।
এর আগে শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পরদিন থেকেই তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হচ্ছে। সূচি অনুযায়ী, আগামী রোববার সকাল ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।
রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পাশাপাশি স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করার সিদ্ধান্ত প্রশাসনিক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।


























