শ্রীনগরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় উপজেলার পাটাভোগ ইসকন মন্দিরে রথযাত্রার উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান।
উদ্বোধনের পর ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথটি পাটাভোগ ইসকন মন্দির থেকে যাত্রা শুরু করে ষোলঘর গুপ্ততের সাহাপাড়া দুর্গামন্দিরে পৌঁছে। সেখানে আগামী সাত দিন রথটি অবস্থান করবে। একইভাবে শ্রী জগন্নাথ মন্দিরের রথ দেলভোগ কালী মন্দিরে গিয়ে সাত দিন অবস্থান করবে।
এদিকে উপজেলার বাঘড়া ও আলমপুর এলাকাতেও পৃথকভাবে রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রাকে ঘিরে বিভিন্ন এলাকায় ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়।
আগামী সাত দিন বিভিন্ন মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা, কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। নির্ধারিত সময় শেষে বাহুড়া যাত্রার মাধ্যমে রথ নিজ নিজ মন্দিরে ফিরে আসবে।

























