বন্যাকবলিত তিন জেলায় দুর্গতদের পাশে প্রতিমন্ত্রী ইকবাল, সব ধরনের সহায়তার আশ্বাস
নিজস্ব সংবাদ :
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রামের ফটিকছড়ি, রাঙামাটি ও খাগড়াছড়ির বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
শনিবার (১১ জুলাই) সফরকালে তিনি বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং পানিবন্দী পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। এ সময় দুর্গত মানুষের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ত্রাণ ও অন্যান্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।