শুটিংয়ে গিয়ে নেপালে আটকা পড়লেন খরাজ মুখোপাধ্যায়
নতুন ছবির শুটিং করতে গিয়ে নেপালে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপালের চীন সীমান্ত লাগোয়া রাসুয়া জেলায় হড়পা বানের দাপটে ধূলিসাৎ বিস্তীর্ণ এলাকা। স্বাভাবিকভাবেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন।
নেপালের চীন সীমান্তসংলগ্ন রসুয়া জেলায় আকস্মিক বন্যায় সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় তাঁদের দেশে ফেরার পথও বন্ধ হয়ে গেছে। খরাজের সঙ্গে তাঁর স্ত্রী এবং শুটিং দলের অন্য সদস্যরাও রয়েছেন। তবে তাঁরা বর্তমানে নিরাপদে একটি হোটেলে অবস্থান করছেন।
অভিনেতার সঙ্গে সরাসরি যোগাযোগ না করা গেলেও তার ছেলে তমোঘ্ন মুখোপাধ্যায়ের (বিহু) জানিয়েছেন, ‘আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি বলেই মনে হয়। বাবার সঙ্গে মা-ও রয়েছেন। মঙ্গলবার আমার সঙ্গে মায়ের কথা হয়েছে। তবে আজ (বুধবার) আর যোগাযোগ করতে পারিনি। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফ্লাইট পেতে অসুবিধা হচ্ছে বলেই শুনেছি।
এই দুর্যোগের মধ্যেই বাংলাদেশের একটি ছবির শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়েছেন টলিউডের দুই পরিচিত মুখ খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। গত ২০ তারিখ তাঁরা নেপালে পৌঁছান। তাঁদের সঙ্গে শুটিং দলের অন্য সদস্যরাও রয়েছেন।
খরাজ মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা বর্তমানে হোটেলেই অবস্থান করছেন এবং নিরাপদে আছেন। নেপালে পৌঁছানোর পর থেকেই প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার শুটিং ব্যাহত হয়েছে। শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যেই অনেক কষ্ট করে শুটিং শেষ করতে হয়েছে তাঁদের।
এরপর দেশে ফেরার পালা। কিন্তু হড়পা বানের কারণে কাঠমান্ডু যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সকালের বিমানটি তাঁরা ধরতে পারেননি। ফলে এখন বিকল্প পথে দেশে ফেরার পরিকল্পনা করছেন তাঁরা।


























