বিএসআরএফ নাইট ২০২৬: সাংবাদিকদের মিলনমেলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অংশগ্রহণ
রাজধানীতে সাংবাদিক, নীতিনির্ধারক ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘বিএসআরএফ নাইট ২০২৬’। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মো. মাসউদুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, বিএসআরএফের সদস্য, বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং দেশের জ্যেষ্ঠ সাংবাদিকরা।
অনুষ্ঠানজুড়ে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং সাংবাদিক ও সরকারি প্রতিনিধিদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মাধ্যমে ‘বিএসআরএফ নাইট ২০২৬’ শেষ হয়।


























