জুলাইয়ের প্রথম চার দিনেই ৪ হাজার ৩০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স, প্রতিদিন গড়ে এক হাজার কোটিরও বেশি
চলতি জুলাই মাসের শুরুতেই দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। মাসের প্রথম চার দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) প্রায় ৪ হাজার ৩০৫ কোটি টাকার সমান।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, জুলাইয়ের প্রথম চার দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৮ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার, অর্থাৎ এক হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স।
তবে গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স কিছুটা কম এসেছে। ২০২৫ সালের একই সময়ে দেশে এসেছিল প্রায় ৩৬ কোটি মার্কিন ডলার।
এর আগে গত জুন মাসে প্রবাসীরা মোট ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার দেশে পাঠান। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৫১ কোটি ৫১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে আসে ৬৬ লাখ ১০ হাজার ডলার।
এরও আগে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে বিবেচিত হয়। এপ্রিল মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।
চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ রেমিট্যান্সে নতুন ইতিহাস গড়ে। ওই মাসে প্রবাসীরা দেশে পাঠান ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ডে রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও মজবুত হবে। একই সঙ্গে আমদানি ব্যয় নির্বাহ, বিনিময় হার স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে এ প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


























