ডিএমপিতে বড় রদবদল: এক আদেশে বদলি ৭ পুলিশ কর্মকর্তা
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপকমিশনার (ডিসি), অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
নতুন দায়িত্ব অনুযায়ী, সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁনকে মিরপুর গোয়েন্দা (ডিবি) বিভাগে পদায়ন করা হয়েছে।
মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মিজানুর রহমানকে আইসিটি বিভাগে এবং গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইনকে ডিবির রমনা জোনে বদলি করা হয়েছে।
এছাড়া লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবু সাঈদকে মোহাম্মদপুর জোনে এবং মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এ এম ফজল-ই-খুদাকে ডিবি পল্লবী জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপির অর্থ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. সাজ্জাদ হোসেনকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিকের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে ডিএমপির মানবসম্পদ (এইচআরডি) বিভাগের প্রশিক্ষণ শাখায় বদলি করা হয়েছে।
ডিএমপির অভ্যন্তরীণ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার অংশ হিসেবে এই প্রশাসনিক রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


























