গ্রুপ অডিও-ভিডিও কলের সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ ওয়েবে
হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। শিগগিরই ব্রাউজার থেকেই গ্রুপ অডিও ও ভিডিও কল করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধার ফলে মোবাইল বা ডেস্কটপ অ্যাপ ছাড়াই সরাসরি ওয়েব ব্রাউজার থেকে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যাবে।
বর্তমানে সীমিতসংখ্যক বেটা ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ওয়েব সংস্করণে গ্রুপ অডিও ও ভিডিও উভয় ধরনের কলে সর্বোচ্চ ৩২ জন অংশগ্রহণ করতে পারবেন। মোবাইল ও ডেস্কটপ অ্যাপেও বর্তমানে একই সংখ্যক ব্যবহারকারী একসঙ্গে কলে যুক্ত হওয়ার সুযোগ পান।
নতুন সুবিধা চালু হলে গ্রুপ চ্যাটের ওপরের অংশে একটি কল বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করেই ভয়েস বা ভিডিও কল শুরু করা যাবে। চাইলে পুরো গ্রুপের পরিবর্তে নির্দিষ্ট সদস্যদেরও কলে আমন্ত্রণ জানানো সম্ভব হবে। নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে হোয়াটসঅ্যাপ। গ্রুপ কলগুলো সিগন্যাল প্রোটোকলভিত্তিক এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকবে। ফলে কলের অংশগ্রহণকারীদের বাইরে অন্য কেউ কথোপকথনের তথ্য জানতে পারবেন না। এমনকি হোয়াটসঅ্যাপ বা এর মূল প্রতিষ্ঠান মেটার পক্ষেও এসব কলের তথ্য দেখা সম্ভব হবে না।
নতুন সুবিধার অংশ হিসেবে ব্যবহারকারীরা কল লিংকও তৈরি করতে পারবেন। আমন্ত্রণ লিংক তৈরি করে অন্যদের সঙ্গে সহজেই শেয়ার করা যাবে। প্রতিটি কল লিংকের জন্য আলাদা ওয়েব ঠিকানা থাকবে এবং টানা ৩০ দিন ব্যবহার না করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। এ ছাড়া কলে অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণে রাখতে ‘ওয়েটিং রুম’ সুবিধাও যুক্ত করা হচ্ছে। ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করার সুযোগও থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ব্রাউজার থেকেই ফাইল, প্রেজেন্টেশন বা অন্যান্য তথ্য অন্যদের সামনে উপস্থাপন করতে পারবেন। তবে এ সুবিধা শুধু ভিডিও কলে ব্যবহার করা যাবে, অডিও কলে নয়।
বর্তমানে হোয়াটসঅ্যাপ ওয়েবে কেবল একজনের সঙ্গে অডিও ও ভিডিও কল করা যায়। ফলে গ্রুপ কল সুবিধা চালু হলে নিয়মিত অনলাইন বৈঠক বা দলগত যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীরা উল্লেখযোগ্য সুবিধা পাবেন। বিশেষ করে লিনাক্স ব্যবহারকারীদের জন্য এটি আরও কার্যকর হবে, কারণ এ অপারেটিং সিস্টেমের জন্য হোয়াটসঅ্যাপের কোনো স্বতন্ত্র ডেস্কটপ অ্যাপ নেই।


























