হজ ব্যবস্থাপনায় এআইয়ের ছোঁয়া, ১৮০ ভাষায় মিলছে তাৎক্ষণিক সহায়তা
হজ ও উমরার সেবা আরও আধুনিক ও সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা বিশ্লেষণ প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে সৌদি আরব। হাজিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে ধর্মীয় নির্দেশনা, চলাচলের পথ এবং ইবাদত-বন্দেগি সংক্রান্ত তথ্য দিতে প্রযুক্তিনির্ভর এসব সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ ও উমরা পালন করতে সৌদি আরবে আসেন। ফলে ভাষাগত বৈচিত্র্যের বিষয়টি বিবেচনায় নিয়ে বহুভাষিক এআই সেবাও চালু করেছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। এর মাধ্যমে হাজিরা নিজেদের প্রয়োজনীয় তথ্য দ্রুত ও সহজে পাওয়ার সুযোগ পাচ্ছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘নুসুক এআই’ চালুর পর এখন পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ সেবাটি ব্যবহার করেছেন। শুধু গত মাসেই এআইভিত্তিক এই সেবা নিয়েছেন প্রায় ৩ লাখ ৯৩ হাজার ব্যবহারকারী। বর্তমানে ১৮০টিরও বেশি ভাষায় ভয়েস সুবিধাসহ সেবাটি পাওয়া যাচ্ছে।
হজযাত্রীদের জন্য প্রযুক্তিনির্ভর আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো ‘ডিজিটাল মুতাওয়য়াফ’। নুসুক অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায় এই সেবাটি। এটি মূলত হাজিদের জন্য একটি স্মার্ট সহকারীর মতো কাজ করে এবং ইবাদত পালনের বিভিন্ন ধাপে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সহায়তা করে।
এক মাসের মধ্যেই ডিজিটাল মুতাওয়য়াফ ২০ লাখের বেশি বার ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ১৪ লাখেরও বেশি হাজি ডিজিটালভাবে তাওয়াফ ও সাঈ সম্পন্ন করেছেন।
এআই ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। নুসুক এআই সেবার জন্য সৌদি ডেটা অ্যান্ড এআই অথরিটি (এসডিএআইএ) থেকে ‘এআই এথিকস মার্ক’ অর্জন করেছে হজ ও উমরা মন্ত্রণালয়।
শুধু হাজিদের সরাসরি সেবা দেওয়াই নয়, বিপুলসংখ্যক মানুষের ব্যবস্থাপনায়ও ডেটা বিশ্লেষণ ও স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সংগৃহীত বিপুল তথ্য বিশ্লেষণের মাধ্যমে হাজিদের সম্ভাব্য চাহিদা, চলাচলের ধরন এবং ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সম্পর্কে আগাম ধারণা নেওয়া হচ্ছে। এসব তথ্য হজের প্রস্তুতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে।
হাজিদের চলাচল নিয়ন্ত্রণ, দলভিত্তিক ব্যবস্থাপনা এবং জনসমাগম সামলাতেও বিভিন্ন স্মার্ট প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সেবা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার সুযোগ তৈরি হচ্ছে।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং ‘গেস্টস অব আল্লাহ সার্ভিস প্রোগ্রাম’-এর আওতায় হজ ও উমরা ব্যবস্থাপনাকে আধুনিকায়নের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
গত কয়েক বছর ধরে হজ ও উমরা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ধারাবাহিকভাবে বাড়াচ্ছে সৌদি আরব। হাজিদের নিবন্ধন, পরিবহন, তথ্যসেবা, ইবাদতের নির্দেশনা থেকে শুরু করে জনসমাগম ব্যবস্থাপনা—প্রায় প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যুক্ত হচ্ছে।
নতুন এআই ও ডেটাভিত্তিক সেবাগুলো সেই আধুনিকায়ন প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিল। সংশ্লিষ্টদের আশা, ভবিষ্যতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়লে হজ ও উমরাপালনকারীরা দ্রুত, নির্ভুল ও প্রয়োজনভিত্তিক সেবা আরও সহজে পাবেন।

























