ভারতের দেওবন্দ মাদরাসার নিচে শিবলিঙ্গ থাকার দাবি, গঙ্গার পানি নিয়ে যাবে হিন্দুত্ববাদী দল
ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নিচে শিবলিঙ্গ থাকার দাবি করেছে একটি হিন্দুত্ববাদী দল।
টাইমস অব ইন্ডিয়া রোববার (৯ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, হিন্দুত্ববাদী হিন্দু রক্ষা দল আগামী মঙ্গলবার এই মাদ্রাসায় গঙ্গার পানি নিয়ে যাবে। এমনকি সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র হিসেবে পরিচিত গঙ্গার পানি ছিটিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তারা।
শনিবার এক ভিডিও বার্তায় হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড রাজ্যের সভাপতি ললিত শর্মা বলেছেন, তাদের দলের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরী এবং অন্যান্য সদস্য হরিদ্বার থেকে গঙ্গার পানি নিয়ে দেওবন্দে যাবেন।
ললিত শর্মা তার ভিডিওতে আরও বলেছেন, তাদের দল এর আগে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে গিয়েছিল। প্রশাসনের প্রতি তারা দাবি করেছিলেন যেন দেওবন্দে পরীক্ষা-নিরীক্ষা চালানোর অনুমতি দেওয়া হয়।
এদিকে বার্তাসংস্থা পিটিআইকে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, দেওবন্দে এসে কাউকে আইনশৃঙ্খলা লঙ্ঘন করতে দেওয়া হবে না। যদি কেউ চেষ্টা চালায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের দেওবন্দ সার্কেল অফিসার অমিত কুমার সিং বলেছেন, “কাউকে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে দেওয়া হবে না। যদি কেউ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

























