ব্যর্থতা মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—প্রশ্নফাঁস বিতর্কে শিক্ষার্থীদের উদ্দেশে শচীনের অনুপ্রেরণার বার্তা
ভারতে প্রশ্নফাঁসকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে শিক্ষার্থীদের উদ্দেশে সততা, পরিশ্রম ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে আবেগঘন বার্তা দিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তিনি বলেছেন, জীবনে ব্যর্থতা মেনে নেওয়া সম্ভব হলেও প্রতারণার কোনো স্থান নেই। তাই সাফল্যের জন্য কখনো শর্টকাটের পথ বেছে নেওয়া উচিত নয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শচীন জানান, ছোটবেলা থেকেই তিনি সততা ও কঠোর পরিশ্রমের শিক্ষা পেয়েছেন। তিনি স্মরণ করেন, তাঁর বাবা একজন অধ্যাপক ছিলেন এবং অসংখ্য শিক্ষার্থীর শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবার কাছ থেকেই তিনি শিখেছেন যে প্রকৃত অর্জনের ভিত্তি হলো নিষ্ঠা ও পরিশ্রম।
শচীনের মতে, সমাজে এমন একটি পরিবেশ গড়ে তোলা প্রয়োজন, যেখানে শুধু ফলাফল নয়, একজন মানুষের পরিশ্রম ও সততাকেও সমান গুরুত্ব দেওয়া হবে। কারণ, যখন সমাজ কেবল ফলাফলের ওপর গুরুত্ব দেয়, তখন অনেকেই মেধা ও পরিশ্রমের বদলে শর্টকাটের পথ খুঁজতে শুরু করে।
তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী যদি মনে করে তার কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়নি, তবে হতাশ হওয়া স্বাভাবিক। এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর সৃষ্টি না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের নয়; বরং সমাজের প্রতিটি মানুষের।
ভারতের তরুণদের সম্ভাবনার কথা উল্লেখ করে শচীন বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে অভিভাবক, শিক্ষক, বন্ধু, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসন—সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে। তাদের স্বপ্ন ও আত্মবিশ্বাস ধরে রাখতে হলে ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বার্তার শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যেখানে সততা ও মেধাই হবে সাফল্যের প্রধান ভিত্তি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ থাকবে নিরাপদ।
























