ইলিয়াস আলী গুম-হত্যা মামলায় বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতে
মানবতাবিরোধী অপরাধের তদন্তে নতুন মোড়, র্যাবের সাবেক গোয়েন্দা কর্মকর্তার নাম আলোচনায়
বিএনপির সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে বিমান বাহিনীর নিজস্ব কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।
বিমান বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান গুম-খুন সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের দেওয়া জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে বলে জানা গেছে।
তদন্ত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি স্কোয়াড্রন লিডার পদে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ইন্টেলিজেন্স উইংয়ে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে উইং কমান্ডার পদে দায়িত্ব পালন করেন।
এদিকে, বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তদন্তকারীরা জবানবন্দিতে উল্লিখিত তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এম ইলিয়াস আলী ২০১২ সালে নিখোঁজ হন, এবং তাঁর গুমের ঘটনা দীর্ঘদিন ধরে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক রহস্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। সাম্প্রতিক এই তদন্ত ও জবানবন্দির তথ্য সেই আলোচিত ঘটনার অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা।
সূত্র : সাংবাদিক জুলকার নায়িন ফেইসবুক পোস্ট


























