কুষ্টিয়ায় হামলার অভিযোগ, জামায়াত-শিবিরকে নুরের কড়া হুঁশিয়ারি
গণঅধিকার পরিষদের কুষ্টিয়ার একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে জামায়াত-শিবিরের কঠোর সমালোচনা করেছেন দলটির সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শনিবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে নুর অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে জামায়াতের কর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালান। এতে দলটির কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে নুর এর তীব্র নিন্দা জানান। একই সঙ্গে জামায়াত-শিবিরকে সতর্ক করে তিনি বলেন, অতীতে দীর্ঘ সময় তারা যেভাবে আড়ালে ছিল, ফের বাড়াবাড়ি করলে তাদের সেই অবস্থায় ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে।
এদিকে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের দাবি, কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার অনুসারীদের হামলায় দলটির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
তবে হামলার এসব অভিযোগের বিষয়ে জামায়াত কিংবা সংসদ সদস্য আমির হামজার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


























