শিরোনাম: মাঠ কাঁপানো সেই কাম্বলি আজ বৃদ্ধাশ্রমে, কঠিন সময় পার করছেন ক্রিকেটের সাবেক তারকা
একসময় ক্রিকেট মাঠে তাঁর ব্যাটের ঝলক দেখেছে গোটা ভারত। প্রতিভা, আগ্রাসী ব্যাটিং আর অসাধারণ শট খেলার দক্ষতায় নব্বইয়ের দশকে আলাদা করে নজর কেড়েছিলেন বিনোদ কাম্বলি। ক্রিকেটপ্রেমীদের অনেকেই তখন তাঁকে শচীন টেন্ডুলকারের সমপর্যায়ের প্রতিভা হিসেবে দেখতেন। অথচ সময়ের স্রোতে সেই তারকাই এখন জীবনের কঠিন এক অধ্যায়ের মুখোমুখি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাবেক এই ভারতীয় ক্রিকেটারের শারীরিক অবস্থার চিত্র সামনে এসেছে। ভিডিওতে কাম্বলিকে কথা বলতে বেশ কষ্ট করতে দেখা যায়। তাঁর কণ্ঠেও ছিল দুর্বলতার ছাপ। ৫৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার বর্তমানে থানের ‘নিদান সেন্টার ফর এলডারলি কেয়ার’-এ চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
গত কয়েক বছরে নানা শারীরিক সমস্যায় ভুগেছেন কাম্বলি। হৃদ্যন্ত্রের জটিলতার পাশাপাশি মস্তিষ্কে রক্ত জমাট বাঁধাসহ বিভিন্ন শারীরিক সমস্যার খবরও সামনে এসেছে। ফলে একসময় ক্রিকেট মাঠে দাপিয়ে বেড়ানো এই ব্যাটসম্যানকে এখন অনেকটাই নির্ভর করতে হচ্ছে চিকিৎসা ও পরিচর্যার ওপর।
আন্তর্জাতিক ক্রিকেটে কাম্বলির শুরুটা ছিল বেশ উজ্জ্বল। ভারতের হয়ে ১৭টি টেস্ট ম্যাচে ৫৪.২০ গড়ে তাঁর সংগ্রহ ১ হাজার ৮৪ রান। ওয়ানডেতেও খেলেছেন ১০৪ ম্যাচ, যেখানে করেছেন ২ হাজার ৪৭৭ রান। বাঁহাতি এই ব্যাটসম্যানের ক্যারিয়ারের শুরুর দিকের সাফল্য তাঁকে ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত তরুণ প্রতিভায় পরিণত করেছিল।
তবে মাঠের বাইরের জীবন নানা ওঠানামায় তাঁর ক্রিকেট ক্যারিয়ার ও পরবর্তী জীবনকে প্রভাবিত করেছে। সময়ের সঙ্গে ক্রিকেট থেকে অনেক দূরে সরে যান তিনি। এখন শারীরিক অসুস্থতার কারণে আরও কঠিন সময় পার করছেন সাবেক এই তারকা।
একসময় যাঁর ব্যাটে প্রতিপক্ষের বোলাররা চাপে পড়তেন, সেই বিনোদ কাম্বলির বর্তমান অবস্থার ছবি তাই ক্রিকেটপ্রেমীদের আবেগাপ্লুত করছে। শৈশব-কৈশোরের সেই প্রিয় ক্রিকেট নায়ক যেন জীবনের এই কঠিন ইনিংসটাও জয় করতে পারেন—এটাই এখন ভক্তদের প্রত্যাশা।

























