স্কটল্যান্ডে ইতিহাস গড়লেন বাংলাদেশি জনপ্রিয় সংগীত শিল্পী প্রীতম আহমেদ, হলেন মিউজিক্যাল থিয়েটারের পরিচালক
কাগজের খবর প্রতিনিধি,
স্কটল্যান্ডের গ্লাসগো অ্যাকাডেমি অব মিউজিক্যাল থিয়েটার আর্টসের পরিচালক পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী বাংলাদেশি-ব্রিটিশ সংগীতশিল্পী ও শিক্ষক প্রীতম আহমেদ। ৩৪ বছরের পুরোনো এবং মিউজিক্যাল থিয়েটারে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই সম্মানজনক প্রতিষ্ঠানে প্রথমবারের মতো কোনো দক্ষিণ এশীয় শিল্পী ও শিক্ষক এ পদে নিয়োগ পেলেন।
জানা যায়, প্রীতম আহমেদ দীর্ঘদিন ধরে লন্ডনের বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম কলেজে মিডিয়া এবং সাউথ এসেক্স কলেজে মিউজিক পারফরম্যান্সের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তবে গত মে মাসে ডিরেক্টর অব অপারেশন পদে নতুন এই চাকরির সুবাদে তিনি লন্ডন থেকে গ্লাসগোতে বসবাস শুরু করেন।
প্রীতম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউনিব্রিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গ্লাসগো অ্যাকাডেমি অব মিউজিক্যাল থিয়েটার আর্টসের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ ক্রিয়েটিভ মিডিয়া ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই তিনি এই প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। নিয়মিতভাবে কলেজের কার্যক্রমে সময় দেওয়ার জন্যই তিনি লন্ডন থেকে গ্লাসগোতে আবাস গড়েছেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের থিয়েটার প্রতিষ্ঠানের সঙ্গে এই প্রতিষ্ঠানের একাডেমিক সহযোগিতা ও সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ও ভারতের মিউজিক্যাল থিয়েটারের উন্নয়নেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
চাকরির পাশাপাশি প্রীতম আহমেদ পোস্টকলোনিয়াল মিউজিক ও কালচারাল প্র্যাকটিস নিয়ে ডক্টরাল গবেষণা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে নির্মিত তাঁর প্রামাণ্যচিত্র বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।

























