মামলা না থাকলে গ্রেফতারে সুরক্ষা: হাইকোর্টের আদেশে আপিল বিভাগের স্থগিতাদেশ
নিজস্ব প্রতিবেদক
কোনও ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা অন্য কোনোভাবে হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
এর আগে কয়েকজন ব্যক্তির করা আবেদনের শুনানি শেষে হাইকোর্ট পর্যবেক্ষণ দেন যে, কোনও ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো, গ্রেফতার করা বা হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না।
সেই সঙ্গে আদালত জানতে চেয়ে রুল জারি করেন—আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর অভিযোগে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। এছাড়া নির্দিষ্ট মামলা না থাকলে তাদের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।
পরবর্তীতে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেন।
আইন বিশেষজ্ঞদের মতে, আপিল বিভাগের এই আদেশের ফলে বিষয়টি এখন চূড়ান্ত শুনানির অপেক্ষায় থাকছে এবং হাইকোর্টে রুলের নিষ্পত্তির পর পরবর্তী আইনি অবস্থান আরও স্পষ্ট হবে।

























