মাদক থেকে দূরে রেখে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে” — স্থানীয় সরকার মন্ত্রী
নিজস্ব সংবাদ :
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ক্রীড়া ও সামাজিক সম্প্রীতির আয়োজন ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’। রোববার (১৯ জুলাই) জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। যেখানে ফুটবল, বিনোদন এবং সামাজিক অন্তর্ভুক্তির সমন্বয়ে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ।
ভ্যালেরিয়ন এআরসি লিমিটেড এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের অংশগ্রহণে বিশেষ ফুটবল প্রতিযোগিতা। এই উদ্যোগ উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের তরুণ প্রজন্মকে মাদক, সহিংসতা ও অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি এবং সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। তিনি বলেন, সুস্থ ও মানবিক সমাজ গঠনে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মূলধারার ক্রীড়ার সঙ্গে যুক্ত করার এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। এতে সমতা, অংশগ্রহণ এবং পারস্পরিক সহমর্মিতার চর্চা আরও জোরদার হবে।
প্রতিযোগিতায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) চ্যাম্পিয়ন এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠান শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের চ্যাম্পিয়ন দল এবং বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের চ্যাম্পিয়ন দল—উভয়কে অভিনন্দন জানিয়ে মন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি দলকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। এ ঘোষণা উপস্থিত খেলোয়াড়, শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে উৎসবমুখর আনন্দের সৃষ্টি করে।
আয়োজকদের ভাষ্য, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের সক্রিয় অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও মানবিক ও অনুপ্রেরণাদায়ক করে তুলেছে।