কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
রাজধানীর কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মশাল মিছিল করেছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দারুস সালাম এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে দ্রুত শেরেবাংলা নগর থানা এলাকায় গিয়ে শেষ করে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের অর্ধশতাধিক সদস্য মশাল হাতে মিছিলে অংশ নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের নির্দেশনায় মিছিলটি বের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) ফজলুল হক জানান, সন্ধ্যার দিকে দারুস সালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মশাল মিছিল শুরু হয়। পরে মিছিলটি সেটি শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়।
এদিকে, দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন তার এলাকায় মিছিলের বিষয়টি অস্বীকার করেন।















