ফ্রান্সের ডাগআউটে জিদান! ২০৩০ পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি, শুরু হচ্ছে নতুন অধ্যায়
ফরাসি ফুটবলে শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কিংবদন্তি জিনেদিন জিদান। ইতালির নির্ভরযোগ্য ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তিতে সই করেছেন তিনি।
রোমানোর দাবি, জিদান ও ফরাসি ফুটবল ফেডারেশনের মধ্যে গত বছরের নভেম্বর থেকেই মৌখিক সমঝোতা ছিল। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় এখন শুধু সরকারি ঘোষণার অপেক্ষা। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন প্রধান কোচ হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে।
দিদিয়ের দেশমের দায়িত্ব ছাড়ার পর ফ্রান্সের ডাগআউটের জন্য সবচেয়ে আলোচিত নাম ছিলেন জিদান। অবশেষে সেই প্রত্যাশাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। জাতীয় দলের দায়িত্ব নিয়ে এবার আন্তর্জাতিক ফুটবলে কোচ হিসেবে নতুন মিশন শুরু করবেন তিনি।
খেলোয়াড় হিসেবে জিদানের অর্জনের তালিকা সমৃদ্ধ। তার নেতৃত্বেই ১৯৯৮ সালে বিশ্বকাপ এবং ২০০০ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল ফ্রান্স। কোচিং ক্যারিয়ারেও তিনি গড়েছেন অনন্য ইতিহাস। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিরল কীর্তি গড়ে নিজেকে আধুনিক ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেন।
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর দীর্ঘ সময় কোচিং থেকে দূরে থাকলেও বিভিন্ন সময় তাকে ফ্রান্স জাতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবে দেখা হয়েছে। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
জিদানের সামনে এখন বড় চ্যালেঞ্জ—নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গড়ে তোলা, আন্তর্জাতিক আসরগুলোতে ফ্রান্সকে আবারও শিরোপার লড়াইয়ে ফিরিয়ে আনা এবং সফল এক নতুন অধ্যায়ের সূচনা করা।
























