নিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থানে প্রাথমিকের নিয়োগবঞ্চিত শিক্ষকরা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে নিয়োগবঞ্চিত প্রার্থীরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ২০২৫ ব্যাচে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও প্রায় আট মাস ধরে তারা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে থাকায় অনেকেই মানবেতর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলেও দাবি করেন তারা।
তাদের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন জেলার নিয়োগপ্রার্থীদের পৃথক তালিকা প্রকাশ করা শুরু হলেও সেখানে চূড়ান্তভাবে নির্বাচিত অনেক প্রার্থীর নাম বা তথ্য পাওয়া যায়নি। তাদের হিসাবে, এভাবে নিয়োগ থেকে বাদ পড়া প্রার্থীর সংখ্যা প্রায় দুই হাজার।
নিয়োগবঞ্চিতদের দাবি, চূড়ান্ত নির্বাচনের পরও নিয়োগপত্র না দেওয়া সংশ্লিষ্ট নিয়োগবিধিমালার সঙ্গে সাংঘর্ষিক। তাই দ্রুত সমস্যার সমাধান করে তাদের নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলন থেকে তারা দুটি নির্দিষ্ট দাবি তুলে ধরেন। এর মধ্যে ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রকাশ এবং ১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট জেলায় যোগদানের সুযোগ নিশ্চিত করার দাবি রয়েছে।
দাবি আদায়ে আগামী ২৭ সেপ্টেম্বর শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও ঘোষণা দিয়েছেন নিয়োগবঞ্চিত সহকারী শিক্ষকরা। কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত অথচ নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


























