একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন ২৭ সেপ্টেম্বর, ফল ১ অক্টোবর
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
সোমবার (২১ সেপ্টেম্বর) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের নির্দেশনার ভিত্তিতে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে যারা একাদশে ভর্তির জন্য আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, কিংবা নির্বাচিত হওয়ার পরও নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চায়ন করতে পারেনি—তারা দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পাবে। নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ ধাপে আবেদন করতে পারবে।
এ ছাড়া ভুলভাবে কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পেয়েও কলেজে ভর্তি হতে পারেনি—এমন শিক্ষার্থীদের জন্যও দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ রাখা হয়েছে।
দ্বিতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করতে হবে। আবেদনের সময় কলেজের খালি আসন যাচাই করে পছন্দের সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ নির্বাচন করতে বলা হয়েছে।
দ্বিতীয় ধাপের গুরুত্বপূর্ণ সময়সূচি
- অনলাইন আবেদন: ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত
- নির্বাচনের ফল প্রকাশ: ১ অক্টোবর রাত ৮টা
- নির্বাচন নিশ্চায়ন: ১ অক্টোবর ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত
- দ্বিতীয় মাইগ্রেশনের ফল: ৪ অক্টোবর রাত ৮টা
- কলেজে ভর্তি: ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কলেজে ভর্তির নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন বাতিল হয়ে যাবে। একই সঙ্গে তার আবেদনও বাতিল হিসেবে গণ্য হবে।
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে জায়গা না পাওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। দ্বিতীয় ধাপে তাদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা প্রয়োজন অনুযায়ী তা সম্পাদন করলেই হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বিতীয় ধাপে আবেদন করার সময় শিক্ষার্থীদের কোটার যোগ্যতা সঠিকভাবে যাচাই করে আবেদন করতে হবে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি পরিশোধের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকতে বলা হয়েছে।


























