নতুন মঞ্চে সাকিব আল হাসান, এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের আইকন ক্রিকেটার
নিজস্ব সংবাদ :
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সূচিতে যোগ হচ্ছে আরও একটি নতুন অধ্যায়। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার এবার অংশ নিতে যাচ্ছেন এশিয়ান লিজেন্ডস লিগে। টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের আইকন প্লেয়ার হিসেবে নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে তাকে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) এমআই নিউইয়র্কের হয়ে মাঠ মাতাচ্ছেন সাকিব। সেই ব্যস্ততার মধ্যেই নিশ্চিত হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগে তার অংশগ্রহণ, যা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আনন্দের খবর।
ছয়টি দলকে নিয়ে অনুষ্ঠিতব্য এই আসরে বাংলাদেশ টাইগার্স তাদের যাত্রা শুরু করবে ৩১ জুলাই, প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস। এরপর ১ আগস্ট শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে মাঠে নামবে দলটি। ৩ আগস্ট আফগানিস্তান পাঠানসের মুখোমুখি হওয়ার পর পাকিস্তান প্যান্থার্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭ আগস্ট তাদের প্রতিপক্ষ এশিয়ান স্টার্স। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।
শুধু সাকিবই নন, বাংলাদেশ টাইগার্সের সম্ভাব্য দলে জাতীয় দলের একাধিক সাবেক ক্রিকেটারও থাকতে পারেন। সম্ভাব্য স্কোয়াডে রয়েছেন রুবেল হোসেন, নাজমুস সাদাত, নাঈম ইসলাম, শফিউল ইসলাম, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, আবুল হাসান রাজু এবং আসিফ আহমেদ রাতুল।
সাকিবের উপস্থিতিতে বাংলাদেশ টাইগার্সের পারফরম্যান্স কেমন হয়, সেদিকেই এখন নজর থাকবে দেশের ক্রিকেটভক্তদের।