জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের সাহস, ঐক্য এবং আত্মত্যাগের এক অসাধারণ উদাহরণ। বিশেষ করে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনকে নতুন গতি দিয়েছে।
রোববার সন্ধ্যায় ইমপেরিয়াল হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ‘জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি—উভয় ধারার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃঢ় ও সাহসী অংশগ্রহণ আন্দোলনের পরিধি বাড়াতে এবং জনসমর্থন জোরদার করতে বিশেষ ভূমিকা পালন করেছে। তিনি মনে করেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এই অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, এই আন্দোলন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিচালিত হয়নি। বরং বিভিন্ন রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ এবং শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই এটি সফলতার দিকে এগিয়ে যায়। দেশের সংকটময় সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল অবস্থান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলেও তিনি মন্তব্য করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, গণতান্ত্রিক সমাজে তরুণরা পরিবর্তনের শক্তি হলেও তাদের প্রথম পরিচয় শিক্ষার্থী। তাই দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল থেকে জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি জানান, ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার প্রাথমিক স্তর থেকেই মূল্যবোধভিত্তিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী আলোচনা সভায় অংশ নেন।

























