দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। এতে কপাল ও মাথার সামনের অংশে গুরুতর আঘাত পান অভিনেত্রী। পরে মাথায় মোট ১৫টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে এলিনা শাম্মী লেখেন, এদিন সাজ্জাদ সুমন পরিচালিত ‘খুশবু’ ধারাবাহিকের শুটিং ছিল তাঁর। শুটিংয়ের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে আগের দিন সন্ধ্যায় অটোরিকশায় করে বের হয়েছিলেন তিনি।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে এলিনা শাম্মী তার পোস্টে লেখেন, ‘একটা পাথর জাতীয় কিছু রিকশার সরু চাকার নিচে এসে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে চালক উড়ে গেলো একদিকে। আমি উড়ে এসে পড়লাম রাস্তায়। আর রিকশা আমার উপর। রিকশার চাকার স্ক্রু সম্ভবত আমার কপাল চিরে দিল। মাথার সামনের অংশ থেতলে গেছে! এমনভাবে রক্ত ছিটকে পড়লো যেন কাঁচের জার ভেঙে পানি বের হচ্ছে।’
অভিনেত্রী জানান, আহত অবস্থায় হ্যান্ডব্যাগটি হাতে নিয়ে অন্য একটি রিকশায় করে তিনি নিজেই হাসপাতালে যান। সেখানে তার মাথায় সেলাই দেওয়া হয়। আপাতত তিনি বিশ্রামে রয়েছেন।
দেশের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে হতাশা প্রকাশ করে এলিনা লেখেন, “আমরা বারবার বুঝে যাই জীবন ক্ষণিকের। আর এই যে সোনার দেশ, এখানে জীবনের চেয়ে মৃত্যুর দাপট বেশি। এখানে খাবারে বিষ, ভেজাল ওষুধ, ট্রাফিকের অব্যবস্থাপনা, গাড়ির দূষিত কালো ধোঁয়া, মদ্যপ ড্রাইভারদের বেপরোয়াড়পনা ইত্যাদি। এত বিস্তারিত মনে করে লেখার এনার্জি এখন নাই। এই সময়ের সবচেয়ে ভাইরাল মৃত্যুফাঁদ হচ্ছে ‘টেসলা’।”
২০১৪ সালে শাহ আলম কিরণের ’৭১ এর মা জননী’ দিয়ে সিনেমায় অভিষেক হয় এলিনা শাম্মীর। ২০২১-এ রায়হান রাফীর ‘জানোয়ার’-এ অভিনয় করে আলোচনায় আসেন। এছাড়া তিনি ‘বিউটি সার্কাস’, ‘উনিশ ২০’, ‘লোকাল’, ‘মুজিব’, ‘দরদ’, ‘ছায়াবৃক্ষ’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি নাটকেও নিয়মিত অভিনয় করেন।
























