শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন আলতাফ হোসেন উজ্জ্বল
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. আলতাফ হোসেন উজ্জ্বলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত কলেজের গভর্নিং বডির সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ দায়িত্ব অর্পণ করা হয়।
জানা গেছে, মো. আলতাফ হোসেন উজ্জ্বল ১৯৯৬ সাল থেকে নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করে আসছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের কাছে একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন। শিক্ষা কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং প্রতিষ্ঠান উন্নয়নে সক্রিয় ভূমিকার বিবেচনায় গভর্নিং বডি তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করে।
শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখির সঙ্গেও যুক্ত। তিনি একজন কবি, লেখক ও কলামিস্ট হিসেবে জাতীয় দৈনিক, সাময়িকী ও সাহিত্যাঙ্গনে নিয়মিত লিখে থাকেন।
গভর্নিং বডির সদস্যরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে নতুন সাফল্যের পথে এগিয়ে যাবে।

























