গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের গর্ব, এক মিনিটে ৫২ স্টিল রিবার উৎপাদন করে ইতিহাস গড়ল আবুল খায়ের স্টিল
বাংলাদেশের উৎপাদনশিল্প আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল (একেএস) এক মিনিটে সর্বাধিক স্টিল রিবার উৎপাদনের কৃতিত্ব দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস–এ নতুন রেকর্ড গড়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নির্ধারিত যাচাই প্রক্রিয়া শেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিশ্চিত করেছে যে, একেএস মাত্র এক মিনিটে ৫২টি স্টিল রিবার উৎপাদন করেছে। প্রতিটি রিবারের দৈর্ঘ্য ছিল ১০৮ মিটার, যা দ্রুততম রিবার উৎপাদনের সক্ষমতার একটি অনন্য নজির।
একেএস জানায়, বিশ্বের দ্রুতগতির রিবার রোলিং মিল, অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ প্রকৌশলী এবং উন্নত উৎপাদন ব্যবস্থাপনার সমন্বয়েই এই আন্তর্জাতিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ইস্পাতশিল্পের প্রযুক্তিগত উৎকর্ষ ও উৎপাদন সক্ষমতা বিশ্বমঞ্চে নতুন করে স্বীকৃতি পেল।
প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক ইলেকট্রিক আর্ক ফার্নেস (EAF) প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে পরিশোধিত ইস্পাত উৎপাদনের পাশাপাশি মান নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান মোমিন বলেন, এই অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং বাংলাদেশের শিল্পখাতের সামগ্রিক সক্ষমতার প্রতীক। বিশ্বমানের প্রযুক্তি, দক্ষ জনবল এবং উৎকর্ষের প্রতি অঙ্গীকারের ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মান বজায় রেখে উন্নতমানের ইস্পাত উৎপাদনে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
পরিবেশবান্ধব শিল্পায়নের ক্ষেত্রেও একেএস নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত পানি পরিশোধন করে পুনর্ব্যবহার, সৌরশক্তির ব্যবহার, আধুনিক ধোঁয়া পরিশোধন ব্যবস্থা, উৎপাদন উপকরণের পুনঃব্যবহার এবং নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দীর্ঘদিন ধরে দেশের আবাসন, শিল্পকারখানা এবং বৃহৎ অবকাঠামো নির্মাণে নির্ভরযোগ্য ইস্পাত সরবরাহ করে আসছে আবুল খায়ের স্টিল। নতুন এই বিশ্বরেকর্ড বাংলাদেশের উৎপাদনশিল্পের সক্ষমতাকে আন্তর্জাতিক পরিসরে আরও শক্ত অবস্থানে তুলে ধরেছে।

























