ভাটারায় গ্যাস বিস্ফোরণের মর্মান্তিক পরিণতি: প্রাণ গেল যুবক ও শিশুর, জীবন-মৃত্যুর লড়াইয়ে স্ত্রী
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি বাসায় গ্যাস লাইন থেকে সৃষ্ট বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. শাহীন (২৪) ও তার আট বছর বয়সী ভাগনি হাফছা। এ ঘটনায় গুরুতর দগ্ধ শাহীনের স্ত্রী ফাহিমা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাফছার মৃত্যু হয়। এরপর শুক্রবার সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহীন।
প্রতিবেশী মো. জসিম জানান, শাহীন একটি দোকানে চাকরি করতেন এবং পরিবার নিয়ে ছয়তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। ঘটনার দিন ভোররাতে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে জানা যায়, গ্যাস লাইন থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণেই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুর্ঘটনায় দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে শাহীনের শরীরের প্রায় ৫০ শতাংশ এবং হাফছার ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। অন্যদিকে, শাহীনের স্ত্রী ফাহিমার শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে ভাটারার নতুন বাজার ১০০ ফিট এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের স্ফুলিঙ্গ লাগায় এ বিস্ফোরণ ঘটে। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।


























