লালপুরে বাল্যবিয়ে বন্ধে ভ্রাম্যমাণ আদালত কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা ।
বিপ্লব তালুকদার :নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলায় বাল্যবিয়ের আয়োজন ভণ্ডুল করে ভ্রাম্যমাণ আদালত কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে সন্তানদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকারনামা (মুচলেকা) নেওয়া হয়েছে।
বিয়ের জন্য প্রস্তুত করা খাবার নষ্ট না করে স্থানীয় এতিমখানায় বিতরণের ব্যবস্থা করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধূপাইল এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাল্যবিয়ে প্রতিরোধে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ১৭ বছর বয়সী এক কিশোরের বিয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: শাহিনা সুলতানার প্রসিকিউশনে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুযায়ী কনের বাবা মো: আসাদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সন্তানদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে তাঁর কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।
এদিকে বিয়ের জন্য রান্না করা খাবার অপচয় না করে তা স্থানীয় এতিমখানার শিশুদের মাঝে বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এ উদ্দেশ্যে খাবারগুলো ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় হস্তান্তর করা হলে তিনি তা এতিমখানায় পৌঁছে দেন।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বাল্যবিয়ে প্রতিরোধ শিশু অধিকার নিশ্চিতকরণ এবং আইন বাস্তবায়নে জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।


























