৫ বছর আগের এক পোস্টে ‘ফাইনাল’ লেখা ছিল! আর্জেন্টিনা-স্পেন ম্যাচ ঘিরে ভাইরাল ভবিষ্যদ্বাণী
নিজস্ব সংবাদ :
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফুটবল দুনিয়ায় এখন উত্তেজনার পারদ তুঙ্গে। মাঠের লড়াই শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাঁচ বছর আগের একটি পুরোনো পোস্ট। কারণ, সেখানে ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, বাস্তবে ঠিক সেই দুই দলই এবার শিরোপার লড়াইয়ে নামছে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা-এর তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১২ জুলাই এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত ওই পোস্টে দাবি করা হয়েছিল, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতবে আর্জেন্টিনা। শুধু ফাইনালের সম্ভাব্য ফলই নয়, সেখানে ইঙ্গিত ছিল যে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠবে আর্জেন্টিনা।
বাস্তব ঘটনাপ্রবাহও অনেকটাই সেই ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে গেছে। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে, ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে স্পেন।
এমন মিল দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময় প্রকাশ করছেন অনেক ফুটবলপ্রেমী। কেউ কেউ এটিকে অবিশ্বাস্য পূর্বাভাস বললেও প্রযুক্তি বিশ্লেষক ও অভিজ্ঞ নেটিজেনদের একটি অংশ ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। তাদের মতে, বড় টুর্নামেন্টকে সামনে রেখে কিছু অ্যাকাউন্ট আগে থেকেই অসংখ্য সম্ভাব্য ফলাফল পোস্ট করে রাখে। পরে সেগুলোর মধ্যে যেগুলো বাস্তবের সঙ্গে মিলে যায়, শুধু সেগুলো রেখে বাকি পোস্ট মুছে ফেলা হয়। ফলে নির্দিষ্ট একটি পোস্টকে ভবিষ্যদ্বাণী হিসেবে ভাইরাল করা সহজ হয়।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচে নির্ধারিত হবে, আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে কি না, নাকি ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরবে স্পেন।
একই সঙ্গে ফুটবলপ্রেমীদের কৌতূহল থাকবে আরেকটি বিষয়েও—পাঁচ বছর আগের ভাইরাল সেই পোস্টে উল্লেখ করা ৩-২ স্কোরলাইনও কি শেষ পর্যন্ত বাস্তবে মিলবে, নাকি সেটি কেবল কাকতালীয় একটি অনুমান হিসেবেই থেকে যাবে?