ইংল্যান্ডকে সামনে রেখে সতর্ক স্কালোনি, বিশ্রামে মেসি-রোমেরোরা; অনুশীলনে নামলেন রিজার্ভরা
নিজস্ব সংবাদ :
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিটের কঠিন লড়াই শেষে এখন পুরো মনোযোগ পুনরুদ্ধারে। তাই সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে দলের মূল তারকাদের বিশ্রামে রেখেছে আর্জেন্টিনা।
স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) কানসাস সিটির অনুশীলন মাঠে শুধুমাত্র বদলি খেলোয়াড় ও ম্যাচে পরে নামা ফুটবলারদের নিয়ে হালকা অনুশীলন করান কোচ লিওনেল স্কালোনি। অধিনায়ক লিওনেল মেসিসহ প্রথম একাদশের ফুটবলাররা মাঠের বাইরে থেকেই সতীর্থদের অনুশীলন পর্যবেক্ষণ করেন।
এদিন আলাদা নজরে ছিলেন নিকোলাস গঞ্জালেস। বাঁ গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শুরুতে তিনি চিকিৎসক দলের তত্ত্বাবধানে স্ট্রেচিং করেন। পরে ধীরে ধীরে হালকা ড্রিলে অংশ নেন, যা আর্জেন্টিনা শিবিরের জন্য ইতিবাচক বার্তা।
সুইজারল্যান্ড ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্কালোনি স্পষ্ট করে জানান, এখন দলের সবচেয়ে বড় লক্ষ্য খেলোয়াড়দের দ্রুত শারীরিকভাবে প্রস্তুত করা।
তিনি বলেন, “এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিকভারি। আগামী কয়েক দিনে খেলোয়াড়দের শরীর ঠিক করে ইংল্যান্ড ম্যাচের জন্য প্রস্তুত করাই আমাদের প্রধান কাজ।”
আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবরও রয়েছে। অতিরিক্ত সময়ে শারীরিক সমস্যার কারণে মাঠ ছাড়তে বাধ্য হওয়া ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের চোট গুরুতর নয় বলে জানা গেছে। রোমেরোর পরিবর্তে নিকোলাস ওটামেন্ডি এবং পারেদেসের জায়গায় হোসে লোপেজ খেলেন। বিশেষ করে পারেদেসকে এক পায়ে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা গেলেও সেটি মূলত অতিরিক্ত ক্লান্তি ও সামান্য আঘাতের ফল বলে জানিয়েছে দলীয় সূত্র।
পরিকল্পনা অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত কানসাস সিটিতেই অবস্থান করবে আর্জেন্টিনা। সকালে শেষ অনুশীলন শেষে দলটি আটলান্টার উদ্দেশে রওনা দেবে। সেখানে মঙ্গলবার প্রথম অনুশীলন করবে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই মহারণের আগে খেলোয়াড়দের শতভাগ ফিট করে তুলতেই এখন সব মনোযোগ স্কালোনির শিবিরের।