টানা বৃষ্টির তাণ্ডব: ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ
অবিরাম ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির কারণে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান প্রতিকূল আবহাওয়ার কারণে জেলার বিভিন্ন সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাহাড়ধস, আকস্মিক পানি বৃদ্ধি এবং দুর্গম এলাকায় দুর্ঘটনার আশঙ্কা থাকায় সাময়িকভাবে সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ রাখা হবে।
এ সময় বান্দরবানের সব পর্যটনকেন্দ্রের পাশাপাশি ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, কয়েক দিনের টানা ভারী বর্ষণে বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা বেড়েছে। অনেক সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন পর্যটন স্পটেও নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিয়েছে। এসব বিষয় বিবেচনায় এনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
























