২০২৭ সালের এপ্রিলে কমলাপুর ছুঁবে মেট্রোরেল, জানুয়ারিতে শুরু হবে পরীক্ষামূলক চলাচল
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। রাজধানীর ব্যস্ততম এলাকা কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারিত অংশ আগামী ২০২৭ সালের এপ্রিল মাসে যাত্রী পরিবহনের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পুরো রুটে পরীক্ষামূলকভাবে খালি ট্রেন চালানো হবে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানিয়েছেন, পরীক্ষামূলক চলাচল মূলত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় পরিচালিত হবে। উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে ট্রেন চালিয়ে বিভিন্ন প্রযুক্তিগত ও নিরাপত্তা বিষয় যাচাই করা হবে।
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত প্রায় ১ দশমিক ১৬ কিলোমিটার বর্ধিত অংশের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। জুন পর্যন্ত প্রকল্পের প্রায় ৭৭ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বের হওয়ার পথ, অভ্যন্তরীণ অবকাঠামো এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
কমলাপুর স্টেশনের মূল কাঠামোগত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাইল, পিয়ার, প্ল্যাটফর্ম, ট্র্যাক স্ল্যাব, ছাদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্মাণকাজ শেষ হওয়ার পর এখন বৈদ্যুতিক ও প্রযুক্তিগত সরঞ্জাম স্থাপনের প্রস্তুতি চলছে। খুব শিগগিরই স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম দরজা, সিগন্যালিং ব্যবস্থা এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন করা হবে।
এছাড়া আগামী দুই মাসের মধ্যে রেললাইন বসানোর কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন প্রকল্প কর্মকর্তারা। একই সঙ্গে স্টেশনের টাইলস বসানো, কাচ স্থাপন, রং করা এবং প্রবেশপথের কাজও সমানতালে এগিয়ে চলছে।
উল্লেখ্য, উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ সম্পন্ন হলে রাজধানীর পূর্ব ও দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য যাতায়াত আরও সহজ, দ্রুত ও আরামদায়ক হবে।
























